রায়নগর ট্রিপল মার্ডার

দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে

দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’য় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত দম্পতি আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) আসরের নামাজের পর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরের মানিক পীরের টিলায় তাঁদের দাফন করা হয়।

নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এবং মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, স্বজনেরা দেশে ফেরার পর নিহতদের বাড়িতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার যুক্তরাজ্যপ্রবাসী দুই মেয়ে সিলেটে পৌঁছান। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তাঁদের একমাত্র ছেলে আরিফ ইফতেখার। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রায়নগরের বাসায় গিয়ে মা-বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।

দাফন শেষে নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

গত বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলেই প্রধান অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

পুলিশের তদন্ত ও অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে বাবুল ওই বাসায় প্রবেশ করেন। পরে অনৈতিক সম্পর্কের প্রস্তাবকে কেন্দ্র করে তাহমিনার সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবুল ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন। এ সময় গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এবং পরে আব্দুস সাত্তার বাধা দিতে এলে তাঁদেরও ছুরিকাঘাত করা হয়। পরে তিনজনের মৃত্যু নিশ্চিত করে বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর রায়নগর এলাকায় এখনো শোক ও আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬