ইতিহাসের সামনে বাংলাদেশ, যা বললেন মিরাজ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের সুযোগ দেখছেন মেহেদী হাসান মিরাজ। সেই লক্ষ্য পূরণে উত্তেজিত না হয়ে পরিকল্পনা সহজ রাখা এবং ধৈর্যের সঙ্গে সঠিক জায়গায় বল করে যাওয়ার কথা বলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

চতুর্থ দিনের প্রথম সেশনে অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন মিরাজ। আগের দিন স্টিভ স্মিথের উইকেটও নিয়েছিলেন তিনি। লাঞ্চ বিরতি পর্যন্ত ৫০ রান দিয়ে তার শিকার চারটি।

প্রথম সেশনের বোলিং নিয়ে মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা কিছুটা সুবিধা পেয়েছি। উইকেটে একটু বাউন্স ছিল। আমি শুধু সঠিক জায়গায় বল করে তাদের ওপর চাপ ধরে রাখার চেষ্টা করেছি। নিজের পরিকল্পনা সহজ রেখেছি।’

মিচেল স্টার্কের বিপক্ষে অফ স্টাম্পের বাইরের পায়ের দাগ কাজে লাগানোর চেষ্টা করছেন মিরাজ। তবে প্রতি ওভারেই উইকেট নেওয়ার চিন্তা না করে অপেক্ষা করাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

মিরাজ বলেন, ‘অফ স্টাম্পের বাইরে অনেক পায়ের দাগ আছে। আমি সেই জায়গায় বল করে ধৈর্য ধরার চেষ্টা করছি। প্রতি ওভারে উইকেট পাওয়া যাবে না। তাই ওই জায়গায় বল করে অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং নিয়েও সন্তুষ্ট এই অফ স্পিনার। পেসারদের প্রশংসা করে তিনি বলেন, ‘এই কন্ডিশনে শৃঙ্খলা ধরে রেখে বল করতে হবে। আমি শুধু ছন্দটা ধরে রাখার চেষ্টা করেছি। পেসাররাও খুব ভালো বল করেছে। ধৈর্য রেখে ভালো জায়গায় বল করাই ছিল আমাদের পরিকল্পনা।’

চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৪৩ রান। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থাকা স্বাগতিকরা তখন ১৫ রানের লিড পেয়েছে। ক্যামেরন গ্রিন ৮৫ এবং স্টার্ক ১৪ রানে অপরাজিত ছিলেন।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে পাওয়া এই সুযোগ কাজে লাগাতে চান মিরাজ। গত কয়েক সপ্তাহের কঠোর অনুশীলন দলকে ভালো অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন তিনি।

মিরাজ বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা এখানে খুব ভালোভাবে অনুশীলন করেছি। সবাই একসঙ্গে কঠোর পরিশ্রম করেছি। এটি আমাদের জন্য বড় সুযোগ। দীর্ঘ সময় পর মাত্র দ্বিতীয়বার আমরা অস্ট্রেলিয়ায় এসেছি। তাদের হারাতে পারলে সেটি আমাদের দেশ ও খেলোয়াড়দের জন্য দারুণ কিছু হবে।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬