ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সামনে এক সুবর্ণ সুযোগ এসে গেছে। প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে যাচ্ছেন হামজা-শমিতরা। মূলত এই টুর্নামেন্টে ভারতের খেলার কথা থাকলেও তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের পরিবর্তে বাংলাদেশকে এই প্রতিযোগিতায় অংশ করার সুযোগ আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের জাতীয় দল কমিটির জরুরি সভায় এই ঐতিহাসিক আমন্ত্রণ সানন্দে গ্রহণ করে। ফিফা ও আয়োজকদের পক্ষ থেকেও বাংলাদেশের অংশগ্রহণের সম্মতি জানিয়েছে বলে গতকাল শনিবার বাফুফের একটি সূত্র নিশ্চিত করেছে।

ফিফার সরাসরি তত্ত্বাবধানে ও অর্থায়নে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের ফুটবল ফেডারেশন সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়ায় আসিয়ান কাপ থেকে নিজেদের সরিয়ে নেয়। এর পরপরই ফিফা এবং টুর্নামেন্ট আয়োজকরা বাংলাদেশকে খেলার প্রস্তাব দিলে বাফুফের সভাপতি ও কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে তাতে ইতিবাচক সাড়া দেন।

টুর্নামেন্টের গ্রুপিং অনুযায়ী বাংলাদেশ শক্তিশালী ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের বাকি তিন প্রতিপক্ষ হলো–আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে তাকা আসিয়ান দলগুলোর বিপক্ষে এমন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা বাংলাদেশ দলের প্রস্তুতি, দলীয় আত্মবিশ্বাস ও খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয় বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। বাফুফে সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলকে কোনো আর্থিক খরচ বহন করতে হবে না। বিমান ভাড়া থেকে শুরু করে আবাসন–সব খরচই আয়োজকরা দেবে। এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও সেমিফাইনালিস্টদের জন্য কোটি টাকার আকর্ষণীয় প্রাইজমানির ব্যবস্থাও রয়েছে।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮