রিয়াদে অগ্নিদগ্ধ

৯ প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন প্রবাসীমন্ত্রী

৯ প্রবাসীর মরদেহ গ্রহণ করলেন প্রবাসীমন্ত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩৪০’ ফ্লাইটযোগে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি কর্তৃপক্ষ ফিংগারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার পর এই ৯ জনের লাশ ফেরত পাঠায়।

নিহত প্রবাসীদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৭ জন (যার মধ্যে ৪ জন একই গ্রামের এবং ২ জন আপন সহোদর ভাই), নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ১ জন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১ জন কর্মী রয়েছেন।

আজ বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত কর্মীদের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মরদেহ গ্রহণের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগুনে বিকৃত হয়ে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ জন কর্মীর ফিংগারপ্রিন্ট পরীক্ষা করা সম্ভব হয়নি। ফলে সিআইডির তত্ত্বাবধানে ইতোমধ্যে স্বজনদের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের মরদেহও বাংলাদেশে ফিরিয়ে আনার সর্বাত্মক কার্যক্রম চলমান রয়েছে।

আর্থিক সহায়তার কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ৯ জন কর্মীর প্রতি পরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক অনুদান বাবদ ৩ লাখ টাকা করে সর্বমোট ৩ লাখ ৩৫ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হচ্ছে। এ ছাড়া হৃদয়বিদারক এই ঘটনার সার্বিক বিবেচনায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহগুলো সরাসরি নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়। আমাদের প্রবাসীরা বিদেশে অত্যন্ত কঠিন কাজ করে দেশে পরিবার ও রাষ্ট্রের জন্য অর্থ পাঠান।”

বাকিদের লাশ আনার বিষয়ে তিনি বলেন, “যাদের মরদেহ এখনও আনা সম্ভব হয়নি, তাদের দ্রুত ফেরত আনতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন। যেহেতু আগুনে পুড়ে দেহ বিকৃত হয়েছে, ডিএনএ টেস্টের রিপোর্ট মিললেই দ্রুত দেশে আনা হবে।”

মরদেহ হস্তান্তরকালে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০