সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল ও সোনারহাট বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় গরু ও মহিষ, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, ফল, চকলেট, চিনি, বিভিন্ন ধরনের সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি ও টাইগার বামসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। একই সময়ে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।



