জুয়েল সাদত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে বাংলাদেশি-আমেরিকানদের অন্যতম বৃহৎ আয়োজন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম আসর। তিন দিনব্যাপী এবারের কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে আয়োজক হোস্ট কমিটির ডিনারের মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজনের আনুষ্ঠানিকতা। পরে মিশিগানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) টিমের সদস্যদের সঙ্গে সময় কাটান ফোবানার প্রতিনিধিরা। মিশিগানের সংগঠকরা ভবিষ্যতে ৪২তম ফোবানা আয়োজনের পরিকল্পনার কথাও জানান।
শুক্রবার জুমার নামাজের পর আলাদিন রেস্টুরেন্টে ব্রাঞ্চ শেষে প্রতিনিধিরা ওঠেন হিলটন ইউনিভার্সেল হোটেলে। এ সময় হোটেলের লবিতে ফোবানার বিভিন্ন শহর থেকে আসা ডেলিগেটদের ভিড় ও আড্ডায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রুম বরাদ্দ পেতে কিছুটা সময় লাগলেও লবিতেই জমে ওঠে প্রাণবন্ত আড্ডা।
সন্ধ্যা ৭টায় শুরু হয় ৪০তম ফোবানার লস অ্যাঞ্জেলেস পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রায় ৫৫ মিনিটের বক্তব্যে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের নানা অসুবিধা ও অভিযোগ দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ ডেস্ক তৈরি করা হয়েছে। ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানালে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। গত ছয় মাসে পাওয়া ৪৩০টি অভিযোগের মধ্যে ২৩০টির সমাধান করা হয়েছে বলেও জানান তিনি। এ কার্যক্রমের দায়িত্বে একজন অতিরিক্ত সচিব রয়েছেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল জাবেদ আহমদ, ফোবানার নেতৃবৃন্দ এবং সাবেক সংসদ সদস্য শফি চৌধুরী। শফি চৌধুরীর সঙ্গে ফোবানা প্রতিনিধিদের দীর্ঘ সময় আলোচনা হয়। তিনি তার দুই ছেলেকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজন শেষে রাতে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকেরা। অনুষ্ঠান শেষে হিলটন হোটেলের লবিতে রাত ২টা পর্যন্ত চলে ফোবানা ডেলিগেটদের আড্ডা ও মতবিনিময়।
লস অ্যাঞ্জেলেস ছাড়াও শিকাগো, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, সাউথ ফ্লোরিডা, অরল্যান্ডো, হিউস্টন, ডালাস, ফিলাডেলফিয়া, কানসাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে ফোবানার সংগঠক ও প্রতিনিধিরা এবারের কনভেনশনে যোগ দিয়েছেন।
ফোবানা মূলত উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের মিলনমেলা। প্রতিবছর তিন দিনের এই কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বাংলাদেশি সংগঠকেরা একত্রিত হন। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাংলাদেশে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়।



