ওসমানী হাসপাতালে সেবার মান ও চিকিৎসকদের কর্মঘণ্টার তথ্য সংগ্রহ করলো দুদক

ওসমানী হাসপাতালে সেবার মান ও চিকিৎসকদের কর্মঘণ্টার তথ্য সংগ্রহ করলো দুদক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মঘণ্টা পালন ও রোগীদের চিকিৎসাসেবা নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালটিতে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদকের দুই সদস্যের একটি দল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সিলেট সমন্বিত জেলা কার্যালয় অভিযানের সমন্বয় করে।

দুদক সূত্রে জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একাংশ নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া, পূর্ণ কর্মঘণ্টা দায়িত্ব পালন না করা এবং রোগীদের চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বাস্তবতা যাচাই করতেই অভিযান চালানো হয়।

হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতি নিয়ে এর আগে একটি নোটিশও দেওয়া হয়েছিল। সদ্যবিদায়ী হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত ওই নোটিশে চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি ও নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

নোটিশ অনুযায়ী, চিকিৎসকদের সকাল ৮টায় হাসপাতালে প্রবেশ এবং দুপুর ২টা ৩০ মিনিটে কর্মস্থল ত্যাগ করার কথা। তবে বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় সময় মেনে উপস্থিতি ও কর্মস্থলে অবস্থানের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়ার কথা উল্লেখ করা হয়।

ওই তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত ছিলেন। আবার দুপুর ২টা ৩০ মিনিটের আগেই বহির্বিভাগের ৯৬ শতাংশ ও অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করেন।

এদিকে মঙ্গলবারই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মধ্যেই চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিয়মসহ হাসপাতালের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে দুদকের অভিযান চালানোর বিষয়টি সামনে আসে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, ‘দুই সদস্যবিশিষ্ট একটি টিম মঙ্গলবার ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এনফোর্সমেন্ট টিম সেখানে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং আরও কিছু তথ্য চেয়েছে। সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রতিবেদন দাখিল করা হবে।’

তিনি আরও বলেন, ‘সিলেট বিভাগসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে হাসপাতালটির চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি রোগীদের হয়রানি ও ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫