যুক্তরাষ্ট্রের মিশিগানে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের নবনির্বাচিত ২০২৬–২০২৮ কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গত ৩০ আগষ্ট (রোববার) ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামাল আহমেদ পাশার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ ফয়সল আহমদ। এরপর যথাযোগ্য মর্যাদায় পরিবেশন করা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি মুজিবুর রহমান। এরপর অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব। উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হালিম নবনির্বাচিত সভাপতি মাহবুব আহমেদ চৌধুরী আলালকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালনের মাধ্যমে বড়লেখাবাসীর কল্যাণে কাজ করাই হবে নতুন কমিটির অন্যতম অঙ্গীকার।
পরে ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রবীণ সদস্য ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা বলেন, নেতৃত্বের পরিবর্তন মানেই শুধু দায়িত্বের পরিবর্তন নয়—এটি সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ করার নতুন সুযোগ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



