রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত সম্পন্ন করেছেন। রাষ্ট্রপতি এক দিনের সফরে সকালে সিলেটে এসেছেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তাঁর প্রথম সিলেট সফর। শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে শাহপরাণ মাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সেখানে তাঁকে অভ্যর্থনা ও স্বাগত জানান- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে তিনি সার্কিট হাউসে যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে উদ্দেশ্যে সার্কিট হাউস থেকে রওয়ানা হন রাষ্ট্রপতি।
সফরকালে রাষ্ট্রতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের পাশাপাশি বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নিবেন।
জানা গেছে, দুপুর ১টার দিকে হযরত শাহপরান (রহ.) মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে জিয়ারত শেষে বেলা আড়াইটার দিকে সার্কিট হাউসে ফিরবেন তিনি। কিছু সময় বিশ্রামের পর বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হবেন।
বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে ফিরে কিছু সময় অবস্থান করে সন্ধ্যায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। রাত ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেবেন তিনি।
রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় করা হয়েছে সৌন্দর্যবর্ধন। সড়কের ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউসসহ বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হয়। সিলেট সিটি করপোরেশন ও হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নতুন করে লাগানো হয়েছে টাইলস।
এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে সিলেট। রাষ্ট্রপতির সফর উপলক্ষে গত কয়েক দিন সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার দফায় দফায় সমন্বয় সভা হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় রাষ্ট্রপতির পুরো সফর নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুদিন থেকে কাজ করছে পুলিশ।
রাষ্ট্রপতির সফরটি নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রায় ১২০০ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় রয়েছেন প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ। র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।



