এম.এ রাজ্জাক
‘এইতা দুই-চারটা চেয়ারম্যানের ক্ষমতা আমার আছে, আপনারা জানেন। কারণ আমি দলের পাওয়ারে আছি। দল আমারে দিয়ে দিছে।’ এমন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামে নিজ বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত গ্রামবাসীর সামনে তিনি এ বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর বড়দল ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন এনাম উদ্দিন তালুকদার। নির্বাচনী আলোচনা সভায় তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও দলের সমর্থনের বিষয় তুলে ধরে ওই বক্তব্য রাখেন।
এনাম উদ্দিন তালুকদার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদারের ছেলে। তাঁর এমন বক্তব্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি দলের পাওয়ার বলে মন্তব্য করছেন।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
এ বিষয়ে এনাম উদ্দিন তালুকদার বলেন, নির্বাচনী আলোচনা সভায় আবেগপ্রবণ হয়ে মুখ ফসকে কথাটি বলে ফেলেছেন। তিনি বলেন, ‘আমি সবাইকে বোঝাতে চেয়েছিলাম, চেয়ারম্যান পদে নির্বাচিত হতে না পারলেও দলের গুরুত্বপূর্ণ পদে আছি। পদের কারণে হলেও চেয়ারম্যানদের মতো উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারব। এরপরও আমার এই বক্তব্যের জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, ‘এমন একটি বক্তব্য আমরা শুনেছি। এ ধরনের বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। বিএনপি হুমকির রাজনীতি বিশ্বাস করে না। উপজেলা বিএনপি থেকে তাঁর কাছে এ বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে। এটি তাঁর ব্যক্তিগত মন্তব্য, দলের বক্তব্য নয়।’



