সুনামগঞ্জে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারের (ট্রাফিক পয়েন্ট) সামনে গিয়ে শেষ হয়।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষরপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক প্রমুখ।



