যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর শিল্প, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগ নিয়ে প্রযুক্তি পেশাজীবী, গবেষক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশের একটি বিশেষ প্রতিনিধিদল।

রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিডার হলে ‘বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারত্ব’ শীর্ষক বাংলাদেশ-সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপের আয়োজন করে লস অ্যাঞ্জেলেস্থ বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো বিশেষ প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূতসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের পেশাজীবী, গবেষক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন। টরন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শরীফা সুলতানা, উবারের বিশিষ্ট প্রকৌশলী ড. মোহাম্মদ কামরুল ইসলাম এবং এনভিডিয়ার গবেষক ড. মোস্তফা পাটওয়ারী বাংলাদেশে এআইয়ের বিভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনা করেন। গ্লোবালফাউন্ড্রিজের ড. মাহবুব রাশেদ সেমিকন্ডাক্টর শিল্প ও এর পরিবেশ উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ডেভিসের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. সাইফ ইসলাম দক্ষ জনশক্তি, প্রযুক্তি ও পুঁজি নিয়ে একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। এতে রেহান আসিফ আসাদ ছাড়াও ক্রেডো সেমিকন্ডাক্টরের ড. শাতিল হক, এক্সোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. ইউসুফ হক, মেডট্রনিকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ইন্টেলের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ড. ওমর ইশরাক, উলকাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান এবং ক্লাউডএইআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা বদরুল সারওয়ার অংশ নেন।

আলোচনায় গবেষণা, দক্ষ জনশক্তি তৈরি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব এবং বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়।

রেহান আসিফ আসাদ বলেন, গবেষণা, শিক্ষা, স্টার্টআপ ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ অ্যাডভান্সড অ্যান্ড ইমার্জিং রিসার্চ (বিএইআর) সামিটসহ সাম্প্রতিক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান প্রযুক্তিগত দক্ষতাকে উদ্ভাবন, বিনিয়োগ ও দক্ষ কর্মসংস্থানের সুযোগে রূপান্তর করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশি পেশাজীবীদের সাফল্য তুলে ধরে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ওপর গুরুত্ব দেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি কূটনীতিকে পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের গবেষণা ও উদ্ভাবন ব্যবস্থার সম্পর্ক জোরদারের কথা বলেন। কৃষি ও খাদ্যনিরাপত্তাসহ বাংলাদেশের বাস্তব চাহিদা পূরণেও এ ধরনের সহযোগিতা ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিশুদের পরিবর্তনশীল অর্থনীতির জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার পাশাপাশি মৌলিক শিক্ষায় শক্ত ভিত্তি তৈরি করা জরুরি। শ্রেণিকক্ষে প্রযুক্তি ও এআইয়ের যথাযথ ব্যবহার, শিক্ষকদের ব্যবহারিক প্রশিক্ষণ এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাসামগ্রীর সুযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন। শিক্ষার ফলাফল উন্নত করে এমন পদ্ধতি আগে পরীক্ষামূলকভাবে যাচাই করে পরে বৃহৎ পরিসরে প্রয়োগের কথাও বলেন তিনি।

সমাপনী বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রযুক্তিনির্ভর শিল্প ও দক্ষ কর্মসংস্থানকে সহায়তা করতে রাজস্বনীতি, বিনিয়োগ পরিকল্পনা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পর্যালোচনার কথা বলেন। তিনি সম্ভাব্য প্রকল্প, সংশ্লিষ্ট অংশীদার এবং পরবর্তী করণীয় নির্ধারণের আহ্বান জানান। এ ধরনের সহযোগিতার চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়ন ও নতুন সুযোগ সৃষ্টি হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

সংলাপের পর বাংলাদেশের কনস্যুলেট জেনারেল প্রতিনিধিদল ও আগ্রহী অংশগ্রহণকারীদের সঙ্গে কাজ করে সহযোগিতার সম্ভাব্য নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১