চার দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মূলত ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে তাঁর এই সফর।
সম্মেলনে অংশ নিতে বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি। ইস্তাম্বুলে আন্তর্জাতিক এ সম্মেলন শেষে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইস্তাম্বুল ইউনিভার্সিটি এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।



