মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে আট শিক্ষার্থী। শনিবার বিজয়ীদের হাতে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে।
উৎসবের আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছে ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরো নয়জন করে শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।
অনুষ্ঠানে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা এতে অংশ নেয়। উৎসবের তিনটি পর্বে প্রায় ৩৮টি বই পড়ানো হয়েছে।’
