সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশি মিশনগুলোর মাধ্যমে কমিউনিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী রফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, হামলার পরপরই সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং যোগাযোগ শুরু করেছে। নিহত হিসেবে শনাক্ত হওয়া দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের পরিবারের সঙ্গেও দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করছেন।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পক্ষ এবং বাংলাদেশি মিশনগুলোর মাধ্যমে প্রবাসী কমিউনিটির মধ্যে নিরাপদ স্থানে যাওয়ার বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রয়োজনে নিরাপদ স্থানে যাওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার ক্ষেত্রেও মিশনগুলো প্রবাসীদের পাশে রয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার।
