নিজাম উদ্দীন সালেহ

সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পূর্ব দিকে, উপশহরের মুখে অবস্থিত সিলেটবাসীর কাছে নতুন ব্রিজ নামে পরিচিত এই সেতুটি দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। উপশহর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগরসহ বিশাল এলাকার মানুষের সিলেট শহরে আসার প্রধান পথ এই ব্রিজ। অথচ যে ব্রিজটির উপর এত মানুষের জীবন নির্ভর করে, সেই ব্রিজটিই জন্ম থেকেই নানা ত্রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও স্বীকার করেন, এই ব্রিজটি অতিরিক্ত চাপ নিতে পারছে না।
ব্রিজটির ইতিহাসই বলে দেয় এর দুর্বলতার কথা। ২০০৬ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন পরিকল্পনা ছিল ৩৬৬ মিটার লম্বা, ১৮ দশমিক ৯ মিটার চওড়া চার লেনের এই ব্রিজটি ২০০৭ সালের জুন মাসে শেষ হবে। খরচ ধরা হয়েছিল ৩৬ কোটি টাকা। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতা, টাকার অভাব, বারবার নকশা পরিবর্তন আর রাজনৈতিক টানাটানিতে কাজ আটকে যায়। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা চার বছর কাজই বন্ধ ছিল। শেষ পর্যন্ত ২০১৫ সালে ব্রিজটি চালু হলেও খরচ বেড়ে দাঁড়ায় ১৪৪ কোটি টাকার উপরে। দুই বছরের কাজ শেষ হতে সময় লেগেছিল নয় বছর। এতবার নকশা বদলালে কোনো স্থাপনাই শক্ত থাকতে পারে না।
সবচেয়ে বড় সমস্যা ছিল ব্রিজের উপরে চারটি স্টিলের আর্চ বা খিলান নিয়ে। নকশা অনুযায়ী প্রতিটি আর্চ ১০০ ফুট উঁচু হওয়ার কথা ছিল, শুধু সৌন্দর্যের জন্য। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায়, আর্চগুলোর ওজন হওয়ার কথা ৭০০ টন, বাস্তবে লাগছে ৯০০ টন। অর্থাৎ ২০০ টন অতিরিক্ত লোড পড়ছে। এই অতিরিক্ত লোডের ভয়ে সড়ক বিভাগ ১৫ কোটি টাকা খরচ করে পাইলিং করার পরও আর্চের পরিকল্পনা বাদ দিতে বাধ্য হয়। কারণ আর্চ লাগালে ব্রিজটাই ভেঙে পড়ার ঝুঁকি ছিল। জন্ম থেকেই যে ব্রিজ লোড নিতে পারে না, সেই ব্রিজের উপর এখন পড়ছে সবচেয়ে বেশি চাপ।
ক্বীন ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ার পর থেকে সব চাপ এসে পড়েছে এই নতুন ব্রিজের উপর। পাথর, বালু, সিমেন্ট বোঝাই ভারী ট্রাক দিনরাত এই ব্রিজ দিয়ে যাচ্ছে। অনেক ট্রাক নিয়মের চেয়ে বেশি মাল বহন করছে। ফলে ব্রিজের জয়েন্টে ফাঁক দেখা দিচ্ছে, ছোট ছোট ফাটল তৈরি হচ্ছে। কিন্তু নিয়মিত মেরামত হচ্ছে না।
সবচেয়ে ভয়াবহ অবস্থা গ্যাস বিল্ডিংয়ের সামনের অংশে। উপশহরের মুখে ও উত্তর পাড়ে সবসময় যানজট লেগে থাকে। ব্রিজে ওঠার মুখে গাড়ি আটকে যায়। ঘণ্টার পর ঘণ্টা ভারী ট্রাক ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে। প্রকৌশলীরা বলছেন, চলন্ত গাড়ির চেয়ে দাঁড়িয়ে থাকা ভারী গাড়ির চাপ ব্রিজের জন্য অনেক বেশি ক্ষতিকর। এতে ব্রিজের পিলার ও বিম ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তার উপর সন্ধ্যা হলেই ব্রিজের উপর অগণিত মানুষের ভিড় জমে।
২০২২ সালের ভয়াবহ বন্যায় সুরমা নদীর পাড়ের মাটি আলগা হয়ে গেছে। পিলারের গোড়ায় মাটি সরে যাওয়া মানে ব্রিজের ভিত দুর্বল হওয়া। এটা চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ব্রিজ দিয়ে যাওয়ার সময় এখন ভয় লাগে। ব্রিজ কাঁপে বলে মনে হয়।
সড়ক বিভাগের পক্ষ থেকে ভারী যানবাহনের উপর সতর্কতা দেওয়া হলেও তা মানা হচ্ছে না। ওজন মাপার কোনো ব্যবস্থা নেই। ফলে ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা, জয়েন্ট মেরামত আর গ্যাস বিল্ডিংয়ের সামনের যানজট দূর করা না হয়, তাহলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সিলেটবাসীর দাবি, নতুন ব্রিজকে আর অবহেলা নয়, এখনই এর পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হোক। কারণ এই ব্রিজ ভেঙে গেলে শুধু উপশহর নয়, দক্ষিণ সুরমার সঙ্গে সিলেট শহরের যোগাযোগ বহুলাংশে বিচ্ছিন্ন হয়ে যাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *