সিলেটে মাজার জিয়ারতে আসা নারীকে ধর্ষণ, আটক ২

সিলেটে শিশু ফাহিমা হত্যার চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে আসা এক নারী (৪০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার (১২ মে) দুই অভিযুক্তকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং পেশায় একজন ভিক্ষুক। তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে এসেছিলেন। সোমবার রাতে শাহপরাণ এলাকায় এক ব্যক্তি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সখ্যতা তৈরি করে এবং কৌশলে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, ওই বাসায় আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি এবং কয়েকজন সিএনজি অটোরিকশা চালক মিলে ভুক্তভোগীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে ওই নারী বিষয়টি পাশের বাসার ভাড়াটিয়াদের জানালে তারা র‍্যাবকে খবর দেন। তৎক্ষণাৎ র‍্যাব-৯ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা এবং একটি ধারালো ছুরি জব্দ করা হয়।

র‍্যাব-৯-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর সাদমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বয়ানের সঙ্গে তাদের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও একজন সিএনজি চালক বর্তমানে পলাতক রয়েছে, যাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মেজর সাদমান আরও জানান, আটককৃতদের পরিচয় যাচাইসহ তাদের কোনো অপরাধমূলক অতীত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

সিলেটে একের পর এক এমন অপরাধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত এই চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪