তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইজিবাইক পরিবহণ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল বাছিত ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির সহসভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে একাধিক প্রার্থী থাকায় সরাসরি ভোটের আয়োজন করা হয়। নির্বাচনে মামুন অর রশিদ ৪৪ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন পেয়েছেন ৩৪ ভোট।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে আকবর আলী এবং কার্যনির্বাহী সদস্য পদে দুলাল মিয়া, শাহীন মিয়া ও মজনবীর নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নামসহ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য।
