মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘সুরের ভেলা’ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হেমন্ত বরণ আনন্দ সন্ধ্যা’। হেমন্তের স্নিগ্ধ আমেজে গান ও সুরে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা।
তার সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সংগীত পরিবেশন করেন মৌলভীবাজারের গুণী শিল্পী ও রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলা সেলন। দুই শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা হেমন্তের সন্ধ্যাটিকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে। নানা বয়সি সংস্কৃতিপ্রেমী ও শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।
