স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের

ধর্ষকের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে ‘মধ্যযুগীয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলে আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে, এই মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

সরকারের অবস্থানের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াহবিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ প্রতিশ্রুতি দেন। অথচ বাস্তবে ইসলামী শরিয়াহ আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করা তাদের আদর্শিক দ্বিচারিতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এ বক্তব্যের মাধ্যমে ইসলামী শরিয়াহ আইনের প্রতি অবমাননা প্রদর্শন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে দ্রুত ওই মন্তব্য প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮