
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “দীর্ঘদিন ধরে বিশ্বনাথ-ওসমানীনগর সংসদীয় আসনের রাস্তাঘাট অবহেলিত রয়ে গেছে। এসব রাস্তাঘাটের সংস্কার সবাই চায়, আর এটি আমারও নির্বাচনী অগ্রাধিকারের প্রধান অঙ্গীকার ছিল। তবে একসাথে সব কাজ করা সম্ভব নয়, ক্রমান্বয়ে সব অবহেলিত রাস্তার উন্নয়ন করা হবে।”
তিনি আরও বলেন, “উন্নয়নের জন্য যখন যেখানে যে বরাদ্দ আসবে, তা যেন যথাযথভাবে প্রয়োগ হয়। কেউ যেন উন্নয়ন বরাদ্দ থেকে কোনো অর্থ আত্মসাৎ করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ যারা ত্রাণ পায়নি, আগামীতে তাদের অগ্রাধিকার দিতে হবে। কেউ যেন বারবার না পায় এবং কেউ যেন বঞ্চিত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এদেশ আমাদের সকলের, তাই সবাইকে সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে।”
আজ সোমবার (২৫ মে) দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট-২ আসনের সংসদীয় ইতিহাসে প্রথম নির্বাচিত এই নারী সংসদ সদস্য আরও বলেন, “অপপ্রচার করে উন্নয়নকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সুনির্দিষ্ট কোনো অনিয়ম বা দুর্নীতি হলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাবেন এবং আমাকেও অবহিত করবেন। আমি জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেব।”
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তাহসিনা রুশদীর গত নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য খাজাঞ্চী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণসহ নেতা-কর্মীদের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা ইলিয়াস মিয়া।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শহিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সহকারী মো. ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মামুন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, অর্থ সম্পাদক সফিক মিয়া (মেম্বার) ও উপজেলা মহিলা দলের বিলকিছ বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ সবুজ, বিএনপি নেতা সফিক মিয়া, সুলতান মিয়া, আব্দুল হাছিব, খায়রুল ইসলাম কবির, দেলোয়ার হোসেন, শাহজাহান সজিব, শিহাব উদ্দিন, যুবদল নেতা সৈয়দুর রহমান, জমির হোসেন, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম আকবর এবং ছাত্রদল নেতা মোহাম্মদ আলী সালমান ও আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিনশত হতদরিদ্র ও দুর্যোগকবলিত পরিবারের মধ্যে প্রধান অতিথির পক্ষ থেকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।