সারা দেশের নদী ভাঙন আর জকিগঞ্জ উপজেলার নদীর ভাঙনের মধ্যে বড় ধরনের তফাৎ রয়েছে। এখানে নদীর ভাঙনের কারণে দেশের মানচিত্রের পরিবর্তন ঘটে। যেটুকু অংশ ভেঙে যায় তা আর ফিরে পাওয়া যায় না। ২০১০ সালের একটি হিসাবে প্রায় ২৬০০ একর ভূমি ভারতের দখলে চলে গেছে। সম্প্রতি জকিগঞ্জ-কানাইঘাটের মাননীয় সংসদ সদস্য মুফতী আবুল হাসানের মহান জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে দেশের মানচিত্রের পরিবর্তনের বিষয়টি আলোচনায় উঠে আসে।
আজ (বৃহস্পতিবার) জকিগঞ্জের কুশিয়ারা নদীর সীমান্ত ভাঙন সরজমিনে পরিদর্শন করতে আসেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছনাত হুমায়ুন কবীর। বৃহস্পতিবার দুপুরে তািনি জকিগঞ্জ কাস্টমস ঘাটের সম্মুখ থেকে হাইদ্রাবন্দ এলাকা পর্যন্ত নিজ চোখে সীমান্ত ভাঙন ও মানচিত্রের পরিবর্তন বিষয়টি সরজমিনে দেখেন।
এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাংমা, বিজিবির সুবেদার মো. শাহ আলম, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়া, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, কোষাধ্যক্ষ কে এম মামুন সহ বিজিবি, পুলিশের অনেকেই উপস্থিত ছিলেন।



