
সিলেটের গোলাপগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
র্যাব জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নৌকালী এলাকার জাহাঙ্গীর মির্জার ছেলে মো. সেলিম হোসেন (৩৭) এবং একই থানার চয়ড়া এলাকার আফ্ফাল প্রামাণিকের ছেলে নাসিম আহম্মেদ মনির (৩৮)।
অভিযান সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব-৯। এসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া করে সেলিম ও নাসিমকে আটক করেন।
পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫৯টি বস্তায় মোট ৪ হাজার ৭৭০ কেজি ভারতীয় জিরা এবং বিপুল পরিমাণ অবৈধ শ্যাম্পু, টুথপেস্ট ও সাবান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন যে, তারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে নিয়ে এসেছেন।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় মামলা দায়েরের পর আজ পুলিশি পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।