দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাসিবুর রহমান (২৩) নামের এক বাংলাদেশি তরুণ। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে। হাসিবুর দক্ষিণ কোরিয়ার জেওনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে পার্টটাইম কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। রোববার (৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে চলছে আহাজারি, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা জানান, হাসিবুর রহমান ছিলেন অত্যন্ত ভদ্র, মেধাবী ও পরিশ্রমী একজন তরুণ। তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে পরিবারের বড় স্বপ্ন ছিল।

স্থানীয় বাসিন্দা মো. সুজাউল ইসলাম বলেন, ‘হাসিবুর ছিল আমাদের গ্রামের গর্ব। তার এমন অকাল মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে।’

নিহতের বাবা নিজাবুল ইসলাম হিরো কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেটা ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। অনেক কষ্ট করে তাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম, যেন সে একদিন ভালো কিছু করতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। গতকালও তার সঙ্গে কথা হয়েছিল সেটাই আমাদের শেষ কথা হয়ে গেল।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮