
যুক্তরাজ্যের বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন পোর্টসমাউথ-এর উদ্যোগে এবং পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায় গত রবিবার পোর্টসমাউথ সিটি কাউন্সিলের গিল্ড হল স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে “বাংলা মেলা ২০২৬” ও পোর্টসমাউথ সিটির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন কমিউনিটির মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কাউন্সিল প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শনার্থী অংশ নেন। বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির পরিবেশনা এবং প্রাণবন্ত অংশগ্রহণে পুরো গিল্ড হল স্কয়ার উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আয়োজকরা বলেন, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশি কৃষ্টি তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি পোর্টসমাউথ সিটির শতবর্ষ উদযাপনের সঙ্গে যুক্ত হতে পেরে আয়োজকরা গর্ব প্রকাশ করেন।

মেলায় ছিল বাংলা খাবারের স্টল, দেশীয় পোশাক ও হস্তশিল্প প্রদর্শনী, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি। স্থানীয় শিল্পীদের পাশাপাশি কমিউনিটির নতুন প্রজন্মও পরিবেশনায় অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি বহুসাংস্কৃতিক সম্প্রীতি ও কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করে।
দিনব্যাপী উৎসব আনন্দঘন পরিবেশে শেষ হলেও অংশগ্রহণকারীদের মাঝে ছিল উচ্ছ্বাস ও ভালো লাগার আবহ। আয়োজকরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।