কানাডার বিমানবন্দর

গোয়েন্দা কুকুরের তল্লাশিতে ৩ বাংলাদেশি আটক

গোয়েন্দা কুকুরের তল্লাশিতে ৩ বাংলাদেশি আটক প্রতীকি ছবি

কানাডার টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশ থেকে যাওয়া তিন যাত্রীর। বর্ডার এজেন্সির তিনটি চৌকস ও প্রশিক্ষিত গোয়েন্দা কুকুরের তীক্ষ্ণ ঘ্রাণশক্তির কাছে পরাস্ত হয়েছেন তারা। ঘোষণা ছাড়া ব্যাগে লুকিয়ে রাখা প্রায় ৪৫ কেজি ওজনের মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি নিখুঁতভাবে শনাক্ত করে ফেলেছে ‘ধারলা’, ‘ওলগা’ এবং ‘থিও’ নামের ওই তিন সারমেয় গোয়েন্দা। এই অপরাধে ওই তিন যাত্রীকে ১ হাজার ৩০০ কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (CBSA) জানায়, বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের মালামাল সাধারণ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় বর্ডার এজেন্সির কে-৯ (K9) ইউনিটের ধারলা, ওলগা এবং থিও নামের তিনটি কুকুর ওই তিন যাত্রীর ব্যাগের সামনে গিয়ে বিশেষভাবে সংকেত দেয়। কুকুরগুলোর আচরণে সন্দেহ হওয়ায় কাস্টমস কর্মকর্তারা ব্যাগগুলো খুলে তল্লাশি চালান।

তল্লাশিতে দেখা যায়, সুনির্দিষ্ট ঘোষণা ছাড়াই অভিনব উপায়ে ব্যাগে বিপুল পরিমাণ নিষিদ্ধ খাদ্যপণ্য বহন করা হচ্ছিল। সব মিলিয়ে প্রায় ৪৫ কেজি ওজনের খাবার জব্দ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ডার এজেন্সির প্রকাশিত ছবিতে দেখা গেছে, জব্দ করা খাদ্যপণ্যগুলো একটি টেবিলে সাজানো রয়েছে এবং তার পাশে বেশ তৃপ্তির ভঙ্গিতে বসে আছে পণ্য শনাক্তকারী সেই তিন গোয়েন্দা কুকুর। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

কানাডার কাস্টমস আইন অনুযায়ী, দেশটিতে প্রবেশকারী যেকোনো দেশের নাগরিক, অভিবাসী বা পর্যটককে তাদের সঙ্গে থাকা সমস্ত খাদ্য ও কৃষিজাত পণ্যের তথ্য বাধ্যতামূলকভাবে আগে থেকেই কাস্টমস ফরমে ঘোষণা (Declare) করতে হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১