
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহীম। এতে নতুন রেকর্ড গড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশের হয়ে সাদা পোশাকে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন মুশফিক।
এ রেকর্ড গড়তে ডানহাতি ব্যাটার ছাড়িয়ে যান ১৩ সেঞ্চুরি করা মুমিনুল হককে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫৪ রান করেছে বাংলাদেশ। লিড ৩৯৯ রানের। মুশফিক ১১৭ ও তাসকিন ৪ রানে ব্যাট করছেন।
চলমান টেস্টের এই দ্বিতীয় ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন মুশফিক। ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। এই মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছর পূর্ণ হবে। ৪০ বছর বয়সে এসেও নিজের ফর্ম ঠিকই ধরে রেখেছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।