বিশ্ব দেখবে নতুন এক বিশ্বকাপ

বছর, মাস, দিন পেরিয়ে ঘন্টার হিসেবে চলে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচ আয়োজন করে অনন্য এক রেকর্ডে নাম লেখাবে মেক্সিকোর এই স্টেডিয়াম। বিশ্বের একমাত্র মাঠ হিসেবে ১৯৭০, ১৯৮৬’র পর ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও আয়োজন করতে যাচ্ছে এস্তাদিও আজতেকা। ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই ইতালিকে ৪-১ গোলে হারিয়ে পেলে জেতেন তাঁর তৃতীয় বিশ্বকাপ। ম্যারাডোনাকেও দুহাত ভরে দিয়েছে মেক্সিকোর আজতেকা। ১৯৮৬ বিশ্বকাপে এখানেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ম্যারাডোনা হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। সংস্কারের পর স্টেডিয়ামের বর্তমান দর্শক ধারনক্ষমতা ৮৭ হাজার পাঁচশত। মেক্সিকোর তিনটি, কানাডার দুটি এবং যুক্তরাষ্ট্রের ১৩টি শহরে হবে এবারের বিশ্বকাপের রেকর্ড ১০৪ ম্যাচ। কোয়ার্টার ফাইনাল, দুই সেমিফাইনাল, ফাইনাল সহ বিশ্বকাপের ৭৮টি ম্যাচের আয়োজক যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডায় হবে সমান ১৩টি করে ম্যাচ। আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে বিশ্ব পাবে ফুটবলের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।

২০২৬ বিশ্বকাপ অনেকদিক থেকেই আলাদা হয়ে থাকছে। ৩২ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮! ১২টি গ্রুপে ৪৮ দলকে ভাগ করে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা। নকআউট পর্বের হিসেবও বেশ জটিল। ১২ গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। তার মানে ১৬ দলের পরিবর্তে এবারের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে ৩২ দল! এরপর রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমি ও ফাইনাল। মাঠের খেলার অনেক কিছুতেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ফ্রি-কিক, থ্রো, গোলকিপারের বল ধরে রাখা, বদলী খেলোয়াড় ওঠানামা সহ বেশ কিছু পরিবর্তন দেখা যাবে এবারের বিশ্বকাপে। সবকিছু মিলিয়ে বলা যায়, এবার বিশ্ব দেখবে নতুন এক বিশ্বকাপ!

উদ্বোধনী অনুষ্ঠানেও ইতিহাস:
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয় সাধারণত প্রথম ম্যাচ শুরুর আগে। এবারও তেমনটাই হচ্ছে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯০ মিনিট আগে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্র আর কানাডায়ও! আগামীকাল রাত একটায় কানাডার টরন্টো স্টেডিয়ামে স্বাগতিকরা মুখোমুখি হবে বসনিয়ার। সেই ম্যাচের আগে রাত সাড়ে ১১টায় শুরু হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর অনুষ্ঠান দেখতে হলে আগামীকাল রাত জেগে শনিবার ভোর সাড়ে পাঁচটায় চোখ রাখতে পারেন টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ সময় সকাল ৭টায় লস এ্যাঞ্জেলস স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র- প্যারাগুয়ে ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। তিন দেশে বিশ্বকাপের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম।

উদ্বোধনী অনুষ্ঠানে কি থাকছে:
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিশ্বব্যাপী মানুষের আগ্রহ তেমনটা ছিল না। তবে ২০১০ বিশ্বকাপ বদলে দিল সেই চিত্র। কলম্বিয়ান পপ তারকা সাকিরার ওয়াকা ওয়াকা গানটাই যেন হয়ে উঠল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সুর। ১৬ বছর আগে গাওয়া ওয়াকা ওয়াকায় নেচে, গেয়ে যারা পাগলের মতো উন্মাদনায় ছিলেন তাঁদের জন্য সুখবর- সাকিরা থাকছেন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনীতেও। উদ্বোধনী অনুষ্ঠান তিন দেশের তিনটি শহরে হলেও আয়োজনে ভিন্নতা থাকছে না। নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরাই লক্ষ্য। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প পাপেল পিকাডোর মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হবে। আজতেকা স্টেডিয়ামের উদ্বোধনীতে এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো) গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। এছাড়া আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকান গায়ক ও গীতিকার টাইলাও মেক্সিকো সিটির অনুষ্ঠানে থাকবেন। টরন্টো স্টেডিয়ামে ক্ষণগননা দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত তাতে ফুটিয়ে তোলা হবে। পারফর্ম করবেন সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, এলিয়ানা, নোরা ফাতেহি, বাংলাদেশী বংশোদ্ভূত সঞ্জয় এবং উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরা। লস এ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে বড় পরিসরের ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাঁথা। যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার মতো বিখ্যাত শিল্পীরা। তিন দেশের তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের গল্প ভিন্ন হলেও এই অনুষ্ঠানগুলোর সুর তো একই- রঙ, আকার, ভেদাভেদ ভুলে মানুষকে উচ্ছাস, উন্মাদনায় মাতিয়ে তোলার ফুটবলীয় ক্ষমতা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪