মিশিগানে স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমার সংবাদ সম্মেলন

মিশিগানে স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমার সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রথম বাঙালি নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত সীমা আহমেদ। আগামী ৪ আগস্ট প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার (১৩ জুন) নির্বাচন উপলক্ষে হ্যামট্রাম্যাক শহরের একটি রেস্তোরাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে মিশিগানের ডিস্ট্রিক্ট-৭-এর আওতাধীন হ্যামট্রাম্যাক, হাইল্যান্ড পার্ক এবং ইস্ট ডেট্রয়েট এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সীমা আহমেদ তার নির্বাচনী পরিকল্পনা ও এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন ভাড়া ও কর্মসংস্থানসহ কমিউনিটির বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের ওপর জোর দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সীমা আহমেদ আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। এ লক্ষ্যে তিনি প্রবাসী কমিউনিটির সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে সীমা আহমেদ বর্তমান স্টেট রিপ্রেজেন্টেটিভ টনিয়া মায়ার্স ফিলিপস এবং অলিভার গ্যান্টের মুখোমুখি হবেন। এই প্রাথমিক নির্বাচনের বিজয়ী প্রার্থী আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে একমাত্র ঘোষিত রিপাবলিকান প্রার্থী রেজিনাল্ড মুরারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হার্ভার্ডে প্রশিক্ষিত জননীতি বিশ্লেষক ও পেশায় আইনজীবী সীমা আহমেদ ২০০৮ সাল থেকে মেট্রো ডেট্রয়েটে বিভিন্ন সামাজিক ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

মিশিগানের ৭ম ডিস্ট্রিক্টে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে সীমা আহমেদের এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার খবর স্থানীয় বাঙালি কমিউনিটিতে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে তার এই অংশগ্রহণকে প্রবাসীরা একটি যুগান্তকারী ও অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪