সুনামগঞ্জের তাহিরপুরে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে “মাদক নয়, শিক্ষা ও খেলাধুলা হোক সবার জীবনের অঙ্গীকার” প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল কিবরিয়ার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) সুশংকর পাল, উপজেলা বিএনপির সদস্য নাসের উজ্জ্বল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ তরুণদের হাতেই। তাদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে এবং খেলাধুলা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, যুব সমাজকে সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ক্রীড়ামুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলেই মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



