সুনামগঞ্জের তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এডিপির প্রোগ্রাম অফিসার মহসিন খান এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার পাবেল হোসাইন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও শিশুবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তুলতে জেডসি বান্ধব গ্রিন স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের শুধু লেখাপড়ায় নয়, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যবিধি ও সামাজিক মূল্যবোধেও সচেতন করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তাহিরপুর সদর ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন কার্যক্রম আরও বিস্তৃত হোক, এটাই আমাদের প্রত্যাশা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণ, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জেডসি বান্ধব গ্রিন স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান হয়েছে।
একই দিনে তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর জয়লক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চিকসা ইবতেদায়ী মাদ্রাসাসহ মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে সফলতা ও অগ্রগতি উদযাপন কর্মসূচি পালন করা হয়।



