লিড নেয়ার পথে বাংলাদেশ, তামিমের ফিফটি

ডারউইন টেস্টের প্রথম দিনটা রূপকথার মতো কাটানোর পর দ্বিতীয় দিনের শুরুটাও হয়েছে দারুণ। সকালটা বেশ ভালোভাবেই কাটিয়ে দিয়েছে টাইগাররা। ফিফটি তুলে দলকে সামনে থেকে টানছেন তানজিদ হাসান তামিম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে প্রথম দিনে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় টাইগাররা। অজিদের ১৯৮ রানে গুটিয়ে দেয়ার পর ১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে সফরকারীরা।

তানজিদ তামিম ৩২ ও মুমিনুল হক ৩৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তাদের আগের দিনের ৬০ রানের জুটিটা আজ দ্বিতীয় দিনেও (শুক্রবার) পথ দেখায়। দু’জনের ব্যাটে যোগ হয় আরো ৫০ রান।

১০২ রানে ভাঙে এই জুটি। যা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। সামনে আছে কেবল ২০০৩ সালে কেয়ার্নস টেস্টে দ্বিতীয় উইকেটে হাবিবুল বাশার ও হান্নান সরকারের করা ১০৮ রানের জুটি।

জুটি ভেঙে মুমিনুল ফিরেন ভুলের প্রায়শ্চিত্ত করে। অহেতুক শট খেলতে গিয়ে হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন তিনি। তাতেই বাড়ে আক্ষেপ, ফিফটি থেকে মাত্র ১ রান দূরে ছিলেন তিনি (৯৫ বলে ৪৯)।

অবশ্য মুমিনুলের আগে পঞ্চাশ পেরিয়ে গেছেন ওপেনার তানজিদ তামিম। সাদা পোশাকে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ১০২ বলে। মধ্যাহ্নভোজ বিরতির আগে তার ব্যাটে এসেছে ১৪৪ বলে ৭৪ রান।

তার সাথে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ৪০ বলে ২৮ রানে ব্যাট করছেন তিনি। দু’জনের জুটিও ইতোমধ্যে জমে গেছে, ৪৩ রান এসেছে।

সব মিলিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে ২ উইকেটে ১৮১ রান নিয়ে। অজিদের করা ১৯৮ রান পেরিয়ে লিড নিতে টাইগারদের প্রয়োজন আর মাত্র ১৭ রান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬