আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১০
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোঃ আফজাল হোসেন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুর্ঘটনাকবলিত ইউনিক বাসের হেলপার মোঃ আফজাল হোসেন (৩০)।
নিহতের মোঃ আফজাল হোসেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের মো. সামছু মিয়ার ছেলে।এ নিয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
এর আগে গত ৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সর্বশেষ বৃহস্পতিবার মারা গেলেন দুর্ঘটনায় আহত বাসের হেলপার।
এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপারের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে দুই বাসের মালিক ও চালককে পাঁচ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে দুর্ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন সিলেট বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ১১ আগস্ট তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তদন্ত শেষে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব।
অন্যদিকে, দুর্ঘটনায় নিহত সাদমান জাহাঙ্গীর সৌরভের বড় ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে গত ৮ আগস্ট রাতে দুই বাসের চালককে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।
এামলা দায়েরের ৬ দিন পরও এখনও কোনো গ্রেফতার নেই।
দুর্ঘটনার ছয় দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেলেন বাসের হেলপার। তার মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এ ছাড়া দুই বাসের আরও কয়েকজন যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভয়াবহ এ দুর্ঘটনায় একসঙ্গে এত প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬