সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা ও অবহেলায় অচল অবস্থায় পড়ে আছে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তিনি জেনারেল এম এ জি ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিল্লাল হোসেন খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
পরিদর্শনকালে সংস্কৃতি সচিব গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অচলাবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানটি ঐতিহাসিক ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম চালু হলে এটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জেনারেল ওসমানীর জীবন ও কর্ম সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।