শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রীমঙ্গলে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসর নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।
শনিবার ১২ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাস, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দীন জারু, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোহিত কদর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনাম উল্ল্যা খান, দিগ্বিজয় ভট্টাচার্য ও আরিফিন নাসরিন সিমি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মো. আব্দুল গণি এবং পবিত্র গীতা পাঠ করেন শিক্ষক প্রণজিত দেব।
পরে শিক্ষক আব্দুল আউয়াল মিয়া লালনগীতি এবং শেলী সূত্রধর দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং কবিতা পাঠ করেন শিক্ষক সঞ্জীবন গোস্বামী। স্বাগত বক্তব্য প্রদান রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক তপন কুমার বৈদ্য।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাস, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি খন্দকার জাকির হোসেন ও সম্পাদক কল্যাণ দেবসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রণবেশ চৌধুরী অন্তুসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষক।
বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকরা প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং প্রজন্ম গঠনে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তাদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও শিক্ষা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্থ, সুন্দর ও শান্তিময় অবসরজীবন কামনা করেন।
পরে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসর নেওয়া শ্রীমঙ্গল উপজেলার ৪০ সহকারী শিক্ষক ও ১৩ জন প্রধান শিক্ষকসহ মোট ৫৩ জন প্রাথমিক শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘদিনের কর্মজীবনের সহকর্মীদের কাছ থেকে পাওয়া এ সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষকরা। অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।



