রাষ্ট্রপতির দুপুরের পাতে সাতকরা দিয়ে খাসির মাংস, সঙ্গে আরও ছয় পদ

রাষ্ট্রপতির দুপুরের পাতে সাতকরা দিয়ে খাসির মাংস, সঙ্গে আরও ছয় পদ

সিলেটে এসে দুপুরের খাবারে স্থানীয় স্বাদই পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর খাবারের তালিকায় ছিল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসির মাংস। সঙ্গে ছিল মাছ, মাংস, সবজি ও ভর্তার আরও ছয় পদ।

মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির জন্য এই খাবারের আয়োজন করা হয়। সাত পদের তালিকায় সাতকরা দিয়ে খাসির মাংস ছাড়াও ছিল পাবদা মাছের তরকারি, কাতলা মাছের তরকারি, চিংড়ি ছাড়া লাউয়ের তরকারি, মুরগির তরকারি, আলু ভর্তা ও টাকি মাছের ভর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেজা ই রাব্বি।

সিলেটের খাবারের কথা উঠলে সাতকরা দিয়ে খাসির মাংসের নামটি আলাদাভাবে আসে। সাতকরার টক-মিষ্টি স্বাদ আর খাসির মাংসের মিশেলে রান্না করা এই পদটি সিলেটের স্থানীয় খাবারের অন্যতম পরিচিত পদ। রাষ্ট্রপতির দুপুরের খাবারের তালিকায় তাই জায়গা পেয়েছে সিলেটের এই জনপ্রিয় খাবার।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

এরপর রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে যান হজরত শাহপরান (রহ.)-এর মাজারে। দুই মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে দুপুরের খাবার খান তিনি।

দুপুরের খাবারে স্থানীয় সাতকরা যেমন ছিল, তেমনি ছিল সিলেটের ঘরোয়া রান্নার পরিচিত কয়েকটি পদ, মাছের তরকারি, সবজি ও ভর্তা। অর্থাৎ রাষ্ট্রপতির খাবারের আয়োজনের মধ্যেও সিলেটের স্থানীয় স্বাদের একটি পরিচয় তুলে ধরার চেষ্টা ছিল।

খাবার পর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতির সার্কিট হাউসে ফেরার কথা রয়েছে। পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে রাত ৮টায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তাঁর।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭