সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে বালুর নিচে কৌশলে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) উৎসব কর্মকারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সিলেটগামী বালুবাহী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) বালুর নিচে কৌশলে ভারতীয় শাড়ি লুকিয়ে পাচার করা হচ্ছিল। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা সমপরিমাণ। 

এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. আলাল , পিতা সিদ্দিক আলী। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি এলাকার বাসিন্দা।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *