মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ঘটেছে। এতে করো প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় প্রবেশের পর এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে।
বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনে নেওয়া হয়। পরে সংযোগ হুক মেরামতের কাজ শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ট্রেন যাত্রা শুরু করে বলে জানান তিনি।



