কমলগঞ্জে চুরি হওয়া গরু কুলাউড়ায় ইউপি সদস্য বাড়ি থেকে উদ্ধার

কমলগঞ্জে চুরি হওয়া গরু কুলাউড়ায় ইউপি সদস্য বাড়ি থেকে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে সম্প্রতি চুরি হওয়া একটি গাভি গরু কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় গোলজার আহমদের বাড়িতে থেকে উদ্ধার করা হয়েছে। গরু চুরির সাথে জড়িত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই গরু উদ্ধার করা হয় বলে জানা গেছে। গোলজার আহমদ হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা-বাগান এলাকা থেকে গত ২৭ সেপ্টেম্বর রাতে শুভাস কৈরী নামে এক শ্রমিকের একটি গাভী গরু চুরি হয়। পরে স্থানীয় লোকজন সুনছড়া বাগানের যোগিবিল এলাকার বাসিন্দা কাশেম ও আব্দুর রহিমকে আটক করে গণধোলাই দিয়ে গলায় জুতোর মালা পড়িয়ে দেন। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে শমসেরনগরের বড়চেগ এলাকার মুন্নার বাড়িতে গিয়ে তাকে মারধর করে জিজ্ঞাসাবাদ করেন উত্তেজিত লোকজন। ওইসময় মুন্নার দেয়া স্বীকারোক্তিতে চুরি হওয়া গরু হাজীপুর ইউনিয়নের মেম্বার গোলজারের বাড়িতে রয়েছে বলে জানায়। এরপর স্থানীয় লোকজন ও গরুর মালিক মুন্নাকে সাথে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় গোলজার আহমদের বাড়িতে গিয়ে চুরি হওয়া গরু উদ্ধার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি হওয়া গরু উদ্ধারের সময় গোলজার আহমদ তার বাড়িতেই ছিলেন। সাদা কালারের একটি মাহিন্দ্র পিকআপ গাড়ি দিয়ে গরুটি কমলগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে চুরির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলজার আহমদের নাম জড়িয়ে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে।

এই ঘটনায় কমলগঞ্জের আলীনগর ও কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে বেশ চাঞ্চল্যে সৃষ্টি করে।
এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যোগীবিল এলাকার আব্দুর রহিম, সুনছড়া বাগানের কাজল হাজরা ও কাশেমকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। চুরির ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোলজার আহমদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, মুন্না কে আমি চিনিনা। কোথাকার গরু কে চুরি করেছে সেটিও আমি জানিনা। স্থানীয় একটি মহল আমার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা ষড়যন্ত্র করে আসছে। এর আগেও আমার বিরুদ্ধে একটি পক্ষ গরু চুরির মামলা করেছিল কিন্তু আমি নির্দোষ প্রমাণিত হয়েছি।

কমলগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুবীর বিক্রম শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, স্থানীয় লোকদের সহায়তায় চুরির ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে সুনছড়া বাগানের শ্রমিক শুভাষ কৈরী গরু চুরির ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ দেননি। তবে আটক আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সাথে আর কারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করা যাবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন আটক তিনজনের বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। চুরির ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩