বিশ্বনাথে ১৪৪ ধারা জারি!

সিলেটের বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো ও তার আশপাশের এলাকায় একই স্থানে ও সময়ে দুটি পক্ষ পাশাপাশি সভা এবং সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

​বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

​গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলার কলেজ রোডের ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় দুটি পক্ষ একই সময়ে সভা ডাকার কারণে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের (ওসি) পুলিশ প্রতিবেদন ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে জনস্বার্থ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

​১৪৪ ধারা মোতাবেক বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯ট হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো এবং সংলগ্ন এলাকায় ​সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ​লাঠি/অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ​পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।  

​উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫