সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর) প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা মন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বাণিজ্যমন্ত্রী। পরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নগরীর পূজামণ্ডপগুলোর মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিকেল ৩টায় কিনব্রিজ এলাকায় সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর বিকেল ৪টায় কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক জাতীয় মহাসড়কে চার লেন প্রকল্পের বাদাঘাট অংশ পরিদর্শন করবেন। বিকেল ৫টায় লাক্কাতুরা থেকে দলদলি পর্যন্ত ১ দশমিক ৯০ কিলোমিটার সড়ক নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সফর শেষে রাতে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী।
কিনব্রিজের পাশে নতুন সেতুর দাবি দীর্ঘদিনের
ব্রিটিশ আমলে সুরমা নদীর ওপর নির্মিত লোহার কাঠামোর দৃষ্টিনন্দন কিনব্রিজ সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এর নামকরণ করা হয় ‘কিনব্রিজ’।
প্রায় ৯ দশক ধরে সচল সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সেতুটিতে বর্তমানে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কিনব্রিজের পাশে একটি নতুন, বিশেষত ঝুলন্ত সেতু নির্মাণের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। সাবেক স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী এ স্থানে একটি ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। পরে চারদলীয় জোট সরকারের আমলে সিলেট-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কিনব্রিজ ভেঙে সেখানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেন। তবে ঐতিহ্যবাহী সেতুটি সংরক্ষণের দাবিতে সে সময় এর পরিবর্তে বিকল্প সেতু নির্মাণের আলোচনা সামনে আসে।
জানা যায়, প্রস্তাবিত সেতু নির্মাণে অর্থায়নের আগ্রহ দেখিয়েছিল বিদেশি সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ থাকলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জায়গা না থাকার কারণ দেখিয়ে পরবর্তী সময়ে ঝুলন্ত সেতুর প্রকল্পটি বাতিল করা হয়।
এরপর ২০২২ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন কিনব্রিজের পাশে আরেকটি সেতু নির্মাণের কথা জানান। তবে সেই উদ্যোগও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি।
এবার কিনব্রিজের পাশে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার তাঁর স্থান পরিদর্শনের মধ্য দিয়ে দীর্ঘদিনের এ দাবির বাস্তবায়ন-প্রক্রিয়া কতটা এগোয়, তা নিয়ে সিলেটবাসীর মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।



