মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাতাসে উড়ানো একঝাঁক গ্যাস বেলুন ও ব্যানার সীমান্ত পেরিয়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলায়। বিদেশের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক সংগঠনের ব্যানার সংবলিত এই বেলুন গুচ্ছ উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও ভারত পুলিশের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় আসামের লখিমপুর জেলার নারায়নপুর থানার লেতেকুজান গ্রামের একটি ধানক্ষেতে শনিবার সকালে বেলুন ও ব্যানারটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গরু চরানো বালক। পরবর্তীতে বিষয়টি গ্রামে জানাজানি হলে স্থানীয় ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।

উদ্ধার করা ব্যানারে মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা ও সাংগঠনিক নেতাদের নাম উল্লেখ ছিল। সীমান্ত অতিক্রম করে এত দূর পর্যন্ত বেলুন ও ব্যানারটি কীভাবে পৌঁছাল,তার সুনির্দিষ্ট পথ ও উৎস অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও সূত্রে নিশ্চিত হওয়া যায় মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ওড়ানো বেলুনগুলোই বাতাস ও আবহাওয়ার কারণে উড়ে গিয়ে সীমান্ত ছাড়িয়ে আসামের ধানক্ষেতে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *