নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল আর নেই

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। স্বজনরা জানিয়েছেন, সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে অবসরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

তিনি মরহুম ফহিম উদ্দিন বিশ্বাস ও আনোয়ারা খাতুনের সন্তান। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মৃত্যুকালে ড. রেজাউল হক স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১