
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামীকাল ১৭ মে (রোববার) অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করতে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। প্রবাসে বাংলাদেশের গৌরব ও লাল-সবুজের সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে চূড়ান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে আয়োজক কমিটি।
আগামীকাল ১৭ মে, রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে এই বর্ণিল প্যারেড অনুষ্ঠিত হবে। এবারের প্যারেডের যৌথ আয়োজক হিসেবে রয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল।
আয়োজকরা আশা করছেন, রঙিন ব্যানার, ফেস্টুন, ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। কমিউনিটির সর্বস্তরের মানুষকে এই লাল-সবুজের উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।