সুনামগঞ্জের তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকদের মর্যাদার জয় হোক, নবীনদের হাত ধরে এগিয়ে যাক প্রাথমিক শিক্ষা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ তৌফিক।
অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং নবীন শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। তাই নবনিযুক্ত শিক্ষকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, তাহিরপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাকসুম আহমেদ, সহসভাপতি সাখাওয়াত হোসেন পাটুয়ারী, সহকারী শিক্ষক আশীস কুমার দাস, মুক্তার হোসেন, সাগর, আকমল হোসেন, এইচ আর এম মাসুদ, বিপ্লব পীর, বিশ্বনাথ তালুকদার, মোশাররফ হোসেন পলাশ, আতাউর রহমানসহ সমিতির নেতৃবৃন্দ এবং নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।



