পাহাড়ী ঢল

কমলগঞ্জের দুই গ্রাম প্লাবিত, বাঁধ ভেঙে জনদুর্ভোগ

কমলগঞ্জের দুই গ্রাম প্লাবিত, বাঁধ ভেঙে জনদুর্ভোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের একটি বাঁধ ভেঙে যাওয়ায় আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, গত তিন দিনের অবিরাম বর্ষণে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। একপর্যায়ে চাপ সহ্য করতে না পেরে বাঁধটি ভেঙে পড়ে এবং দ্রুতগতিতে পানি লোকালয়ে প্রবেশ করে।

পানির প্রবল স্রোতে ভানুবিল–ছনগাঁও সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি কয়েকটি গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।
অনেক বাসিন্দা জানান, হঠাৎ করে ঘরে পানি ঢুকে পড়ায় তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। সকাল থেকেই এলাকায় হাঁটুপানি পরিস্থিতি বিরাজ করছে।

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন এবং ছনগাঁওয়ের রাধা কান্ত সিংহ বলেন, ঢলের পানি বসতঘরের আঙিনায় ঢুকে ক্ষয়ক্ষতি করেছে। কোনো ধরনের পূর্ব সতর্কতা না থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন জানান, অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে গেছে এবং স্থানীয় সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬