বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুতে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তার পর আবারও স্বাভাবিক প্রক্রিয়ায় অভিবাসী ভিসা পাওয়া যাবে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ১লা জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন সর্বোচ্চ দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে। দূতাবাসের পক্ষ থেকে রোববার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে অভিবাসন নীতিতে পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছিল ওয়াশিংটন।

সে সময় যুক্তরাষ্ট্রের প্রশাসন যুক্তি দিয়েছিল, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের একটি অংশ তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, যা শেষ পর্যন্ত দেশটির করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

সর্বশেষ সিদ্ধান্তের ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য আবারও অভিবাসনের পথ উন্মুক্ত হচ্ছে। মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক সন্তান, যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দার পরিবারের নির্দিষ্ট সদস্য এবং কর্মসংস্থানের ভিত্তিতে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার যোগ্য ব্যক্তিরা এই সুবিধার আওতায় ভিসা আবেদন করতে পারবেন।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর অভিবাসী ভিসা সংক্রান্ত সব ক্যাটাগরির আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে এবং আবেদনকারীরা নির্ধারিত নিয়মে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *