
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে কর্মশালা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে । গতকাল (বৃহস্পতিবার) সকালে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক,সাংবাদিক,সমাজকর্মী ও ইমাম অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাদকদ্রব্যের অপব্যবহার, প্রতিরোধ, নিরাময়, মাদকাসক্তি মুক্ত ভবিষ্যৎ প্রজন্ম তৈরি, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ ফারুক আলম। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান। উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন প্রমুখ। এদিকে বিকেল ৩ ঘটিকায় গণশুনানি-২০২৬ এ বিভিন্ন সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গণশুনানিতে সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ,স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেন ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ুন। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।