সিলেট মহানগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবুল, বয়স আনুমানিক ৪০ বছর। তার মুল বাড়ি কুমিল্লা চাঁদপুর।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, আটক বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টার দিকে রায়নগর রাজবাড়ি এলাকার মিতালি ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে চিৎকারের শব্দ শোনা যায়। বাসায় কেউ অসুস্থ হয়ে চিৎকার করছেন ভেবে প্রথমে কেউ এগিয়ে যাননি।
পরে সকাল ১০টার দিকে বাসার রঙের কাজের জন্য একজন মিস্ত্রি এসে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। এসময় পাশের ভবনের দোতলার এক ভাড়াটিয়া দেখতে পান, মো. আব্দুস সাত্তারের বাসার দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে বারান্দায় বেরিয়ে আসছে।
তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার একটি কক্ষে আব্দুস সাত্তার এবং অপর একটি কক্ষে তার স্ত্রী সুরাইয়া ও গৃহপরিচারিকা তাহমিনার রক্তাক্ত মরদেহ পড়ে ছিল।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাসার দক্ষিণ দিকের একটি দরজা দিয়ে পালিয়ে গেছে। দোতলা থেকে নিচে নামার সিঁড়িতেও রক্তের দাগ পাওয়া গেছে।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এদিকে ঘটনার খবর পেয়ে সকালে পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি গ্রেফতারের বিষযটি নিশ্চিত করে আগামেকাল প্রেসবিফিং করে ঘটনার বিস্তারিত জানাবেন বলে জানান।



