বিয়ানীবাজারে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

 

সিলেটের বিয়ানীবাজারে অনলাইন জুয়া খেলার অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারখাই বাজার এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিয়ানীবাজার উপজেলার গোলাঘাট এলাকার মৃত আবদুল আজিজের ছেলে দুলাল আহমদ (৩০), পূর্বখলা গ্রামের মৃত খসরু মিয়ার ছেলে জামিল আহমদ (২৪), কচকুটা গ্রামের মৃত কুতুব আলীর ছেলে পাভেল আহমদ (২৭), করগ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে সাবু আহমদ (৩২), কচকুটা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে জাবের আহমদ (২৯) এবং লাংলাকোনা গ্রামের মৃত আবদুস সালামের ছেলে মো. জসিম আহমদ (৩১)। তাঁদের সবার বাড়ি বিয়ানীবাজার উপজেলায়।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ আগস্ট রাতে র‍্যাবের একটি অভিযানিক দল বিয়ানীবাজারের রামধা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চারখাই বাজারের একটি রেস্তোরাঁর ভেতরে কয়েকজন অনলাইন জুয়াড়ি অবস্থান করে জুয়া খেলছেন। পরে রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে র‍্যাবের দল সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ছয়জনকে আটক করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে তাঁদের হেফাজতে থাকা ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা  বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশ নিতেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করেও অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

র‍্যাব-৯-এর পক্ষ থেকে আরও জানানো হয়, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের এবং জব্দ করা আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬